স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা মজলুম। তারা নির্যাতিত। তাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে জোরালো কুটনৈতিক তৎপরতা চলছে। রবিবার বেলা ১২টার দিকে সীমান্তের তুমব্রু জিরো পয়েন্ট এলাকায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাম্পে আশ্রয় নেওয়া ১৮ শ রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বায়োমেট্রিক নিবন্ধন সেন্টার পরিদর্শনসহ সার্বিক বিষয় ও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীঘ্রই মিয়ানমার সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরিয়ে না যাওয়া পর্যন্ত সরকারের তরফ থেকে আবাসন, অন্ন বস্ত্র, চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। তাদের সাথে মানবিক আচরণ অটুট থাকবে। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। এ সংকট নিরসনে জাতিসংঘ ও ক্ষমতাধর দেশগুলোর ওপরও চাপ বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানে আন্তর্জাতিক চাপ বাড়নোর আহ্বান জানান। এরপর থেকে মিয়ানমানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।
তিনি বলেন, লাখ -লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছেন। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করতে তৎপর।





