সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে পরিকল্পিত একটি নিরাপদ জোনে বিমান হামলায় কমপক্ষে ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাতে তুরস্ক সীমান্তে সিরিয়ার ইদলিব প্রদেশের আমানাজ শহরের একটি ‘সেফ জোনে’ বিমান হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত চার শিশু রয়েছে।

সিরিয়ায় সরকারবিরোধী জিহাদপন্থিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ‘সেফ জোনে’ এ হামলা চালানো হয় বলে জানায় পর্যবেক্ষক সংস্থাটি। তবে বিমান হামলাটি সিরিয়ার সরকার নাকি তাদের মিত্র রাশিয়া চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি তারা।

প্রসঙ্গত, ইদলিব প্রদেশের বেশিরভাগই দেশটির সরকারবিরোধী জিহাদপন্থিদের দখলে। সম্প্রতি ইদলিবে সেফ জোন গড়ে তোলার বিষয়ে উদ্যোগ নেয় রাশিয়া, তুরস্ক ও ইরান। তবে এ বিষয়ে জিহাদপন্থিদের কোনো মতামত পাওয়া যায়নি।