আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু রঙিন কোনও স্বপ্ন নয়, আজ তা বাস্তব। আজ পদ্মা সেতু পুরো বিশ্বের মানুষের কাছে দৃশ্যমান।
এমন একটি দিনের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বপ্নের রূপকার তারই কন্যা, বিপন্ন মানবতার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
শনিবার সকালে পদ্মাসেতুতে স্প্যান বসানোর কাজের উদ্বোধন শেষ শরিয়তপুরের জাজিরা পয়েন্টে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। প্রকল্প সাইটের জেটিতে সেতুমন্ত্রী তার অনুভূতি সম্পর্কে বলেন, ‘বঙ্গোপসাগরের উর্মিমালার মতো আজ উদ্বেলিত হৃদয় আমার।’
তিনি বলেন, ‘৩৯, ৪০ ও ৪২ নম্বর পিলারের কাজও খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিগগিরই ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর স্প্যান বসানো হবে।’
২০১৫ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের প্রায় ৪৭ শতাংশেরও বেশি কাজ শেষ হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এ সেতু নির্মাণে ব্যয় হবে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।





