দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। ভাসমান ক্রেনের সাহায্যে বহন করে আনা সুপার স্ট্রাকচার (স্প্যান) ৩৭ ও ৩৮ নং পিলারের উপর বসানো হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পিলারের উপর উচ্চতায় এনে বসানো হয় স্প্যান।
এর আগে গত দুইদিন পিলারের উপর বেয়ারিংয়ের কাজ ও পিলারের কাছে ড্রেজিং করা হয়। স্প্যান বসানো দেখতে জাজিরা প্রান্তে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আসবে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের পাবলিক রিলেশন অফিসার শেখ ওয়ালিদ।
এছাড়াও তিনি জানান, সম্পূর্ণরুপে সুপার স্ট্রাকচারটি বসাতে আরো সময় লাগবে। পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার সাথে জড়িত থাকতে পেরে আনন্দের জোয়ার বইছে দেশি-বিদেশি প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের মাঝে।
পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, দেশি বিদেশী কর্মরত প্রকৌশলীরাও খুবই আনন্দিত, তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার কারণে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ।





