জয়পুরহাট সদর উপজেলার হিচমী পরিষদ পাড়ায় বিয়ের দাবিতে রাবেয়া খাতুন (২২) নামে এক নার্স অনশন শুরু করেছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে একই পাড়ার বাদেশ আলীর ছেলে বিজিবি সদস্য রুহুল আমীনের বাসায় গিয়ে অনশন শুরু করেন তিনি।
রাবেয়া খাতুন হিচমী পরিষদপাড়ার মোজাফ্ফর আলীর মেয়ে ও ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালের স্টাফ নার্স। রুহুল আমীন বর্তমানে যশোরের বেনাপোল বিজিবি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত আছেন।
রাবেয়া খাতুন জানান, একই পাড়ার বাসিন্দা হওয়ায় গত ৭ বছর ধরে রুহুল আমীনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় রুহুল বিজিবিতে এবং তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চাকরিতে যোগদান করেন। এ অবস্থায় ভালোই যাচ্ছিল তাদের দিনগুলো কিন্তু হঠাৎ করেই তিনি সংবাদ পান আজ (বৃহস্পতিবার) রুহুল আমীন অন্যত্র পাত্রী দেখতে যাবেন। খবর পেয়েই বিয়ের দাবিতে সকাল থেকে তার বাসায় গিয়ে অনশন শুরু করেন তিনি।
রাবেয়া বলেন, সকালে বিয়ের দাবিতে রুহুল আমীনের বাসায় গেলে তার উপস্থিতিতেই তার মা-বাবা আমাকে মারপিট করে বের করে দেওয়ার চেষ্টা করেন। রুহুল আমীন যদি আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না।
এ বিষয়ে অভিযুক্ত বিজিবি সদস্য রুহুল আমীন মুঠোফোনে জানান, এটি একটি পারিবারিক সমস্যা। দুপক্ষ বসে সমঝোতা করা হবে।
এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এএসপি) আকরাম হোসেন জানান, অনশনের বিষয়টি তারা জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





