ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পবিত্র আশুরার তাজিয়া মিছিল কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে। শুধু হোসেনী দালান নয়, ঢাকার যেকোনো স্থান থেকে বের হওয়া তাজিয়া মিছিলে নিরাপত্তা থাকবে। এ জন্য ডিএমপির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসেনী দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকেই এবারের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য মিছিলের সামনে-পেছনে বিপুল সংখ্যক পোশাক পরিহিত পুলিশ, র‌্যাব ও সরকারের গোয়েন্দা সংস্থা মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, আগামী ১ অক্টোবর পবিত্র আশুরা। এ উপলক্ষে শিয়া সম্প্রদায়ের লোকজন সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল বের করেন। তবে মিছিলে লাঠি, আগুন, তোলোয়ারসহ যেকোনো ধাতব বস্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

ডিএমপি কমিশনার আরো বলেন, মিছিলের শুরু থেকেই অংশ গ্রহণ করতে হবে। মিছিল শুরুর পর কোনোভাবেই মাঝ পথে মিছিলে প্রবেশ করা যাবে না।