রোহিঙ্গা শরণার্থীদের জন্য তৃতীয় দফায় ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ভারতের একটি জাহাজ।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ভারতীয় নৌবাহিনীর ম্যাগার-ক্লাস অভিযান ‘আইএনএস ঘরিয়াল’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। সেখানে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এমএন ইস্পাহানি লিমিটেড এর কর্মকর্তা লোকো প্রিয় বড়ুয়া জানান, এ জাহাজে ৬৭ হাজার ১৬৭ প্যাকেটে ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ এসেছে। এর মধ্যে চাল, ডাল, চিনি, লবণ, ভোজ্য তেল, নুডলস, চা, বিস্কুটসহ ভোগ্যপণ্য সামগ্রী রয়েছে।

প্রসঙ্গত, ভারত এর আগে গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই দফায় বিমানে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে সহিংসতার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত চার লাখ ৮০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এখনও তা অব্যাহত রয়েছে বলেও জানায় সংস্থাটি, তবে পালিয়ে আসার হার আগের চেয়ে কিছুটা কমেছে।

এর বেশ কিছুদিন আগে সহিংসতা অব্যাহত থাকলে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘ।