প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি টোয়েন্টি টিম এবং বিপিএল’এ রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন,
প্রতিবন্ধীদের সহযোগিতা করতে হবে। তারা যেন নিজেদের পরিবার নিয়ে ভালোভাবে বসবাস করতে পারে সে ব্যবস্থা করতে হবে। এটা হয়তো একদিনে সম্ভব না কিন্তু আস্তে আস্তে সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার ঢাকা থেকে দুপুর ১২টায় দুইটি হেলিকপ্টারযোগে মাশরাফি, জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস, মিঠুন, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজবীর ও তার সফরসঙ্গীরা রংপুর স্টেডিয়ামে নামেন।
এরপর আয়োজক প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের চিকিৎসা, পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতাকারী সংগঠন আরদ্রিদ ও রংপুর রাইডার্স এর সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় প্রতিবন্ধীদের অংশগ্রহণে নীল ও লাল দলের প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
দুপুর একটার দিকে রংপুর স্টেডিয়ামের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মাশরাফি বিন মর্তুজা। এ সময় তিনি বলেন, ‘আমার ধারণা, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল ভালো খেলবে। এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে আমরাও ভালোখেলা উপহার দেবো।’ এজন্য রংপুর বাসীর কাছে দোয়া কামনা করেন রংপুর রাইডার্সের আইকন মাশরাফি।
মাশরাফি আরও জানান, প্রতিবন্ধীদের ক্রিকেট খেলায় উৎসাহিত করার উদ্যোগ নিয়েছেন তারা, ‘প্রতিবন্ধীদের ক্রিকেট খেলায় আরো উৎসাহিত করার জন্য আমরা কাজ করছি। আশা করি, তারা আগামী বিশ্ব প্রতিবন্ধী ক্রিকেটে আরও ভালো করবে।’





