আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার দল আওয়ামী লীগ সংকটের শুরু থেকেই রোহিঙ্গাদের পাশে রয়েছে। সরকার এ সংকটের শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবে।

আজ বুধবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত স্বাস্থ্যক্যাম্প পরিদর্শন এবং থ্যাং খালী বাগগুনায় ত্রাণ বিতরণকালে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের কথা ৩২দিন পর মনে হয়েছে বিএনপির। সরকার বিপর্যয় সামলে ওঠার পর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন মির্জা ফখরুল। এখন তারা সমঝোতার কথা বলছেন, তাদের মুখে এ কথা মানায় না।

তিনি বলেন, বিপন্ন মানুষের পাশে সবসময় আওয়ামী লীগ ছিল এবং থাকবে। আওয়ামী লীগ লোক দেখানো রাজনীতি করে না, দেশের জনগণের জন্য কাজ করে।

রোহিঙ্গা শরনার্থী শিবিরের জন্য ১০ হাজার স্যানেটারী ল্যটিন দরকার। এ ব্যাপারে দেশী-বিদেশী এনজিওদের সাথে কথা হয়েছে বলে জানান মন্ত্রী।