ব্যতিক্রমী আয়োজনে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব। বুধবার সদর উপজেলার বড় সংগলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’র (সিডিপি) আয়োজনে উৎসবে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার, রুহুল আমীন ও নজরুল ইসলাম বক্তব্য দেন।

গুড নেইবারস নীলফামারী সিডিপি ব্যবস্থাপক কর্ণেলিউস দালবৎ’র সভাপতিত্বে উৎসবে আয়োজনের উদ্দেশ্য, লক্ষ্য তাৎপর্য তুলে ধরেন সংস্থাটির শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা রিফাত আল মাহমুদ। উৎসবে অংশ নেওয়া সদর উপজেলার ৮টি প্রাথমিক এবং ৩টি উচ্চ বিদ্যালয়ের ৩৫০জন শিক্ষার্থীর মধ্যে ১১০ জনকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৮০জন প্রাথমিকের এবং ৩০ জন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
গুড নেইবারস নীলফামারী অফিস প্রধান কর্ণেলিউস দালবৎ জানান, শিক্ষার্থীদের মাঝে গণিত ভীতি দূর করার লক্ষে উৎসবের আয়োজন করা হয়। যাতে করে গণিতকে আয়ত্ত্বে নিতে পারেন শিক্ষার্থীরা।