মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর হত্যা-নির্যাতনের বিষয়ে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়ে পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রকে ব্রিফ করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে আনুষ্ঠানিক ওই বৈঠকের আগে মঙ্গলবার নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মিয়ানমার পরিস্থিতির হালনাগাদ তথ্য সদস্য রাষ্ট্রগুলোকে অবহিত করা হবে।

মঙ্গলবার কূটনীতিকদের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অন্য চার সদস্য রাষ্ট্রের অনুরোধে বৃহস্পতিবারের বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে চার লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠক হচ্ছে। আশ্রয়প্রার্থীদের প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত সপ্তাহে আবারও রোহিঙ্গাদের ওপর চলা দেশটির সেনাবাহিনীর অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ‘সন্ত্রাস’ চালানোয় মিয়ানমারকে দায়ী করে এ গণহত্যার কঠোর নিন্দা জানান।

এর আগে এ মাসের শুরুর দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছিল।