মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞ থেকে বাঁচতে পলায়নপর রোহিঙ্গা মুসলিমদের ভারতে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ বিজেপি নেতা বরুণ গান্ধী।
সবসময় বিতর্কিত কথা বলে আলোচনায় থাকা নেহরু-গান্ধী পরিবারের এই তরুণ তুর্কি একটি নিবন্ধে এই আহ্বান জানান। খবর: এনডিটিভি।
নবভারত টাইমসে প্রকাশিত ওই নিবন্ধে বরুণ গান্ধী লিখেন, রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো উচিত নয়, বরং তাদেরকে মানবিকভাবে দেখা উচিত।
বরুণ গান্ধীর মতামত মোদি সরকারের গৃহীত সিদ্ধান্তের বিপরীতে যাচ্ছে। ভারতে আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরও বিতাড়িত করার ঘোষণা দিয়েছে বিজেপি সরকার। সীমান্তে আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের ওপর স্টান গ্রেনেড ও মরিচের গুঁড়া ছিটিয়েছে সীমান্তরক্ষীরা।
এর আগে রোহিঙ্গাদের পক্ষে কথা বলে পদ হারিয়েছিলেন বিজেপি নেত্রী বেনজির আরফান। যদিও সুপ্রিম কোর্টে মুসলিমদের তিন তালাক অবৈধ ঘোষণা ইস্যুতে ভূমিকা রাখায় বাহবা পেয়েছিলেন তিনি।
বরুণ গান্ধীর মতামত সম্পর্কে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির জানান, ‘বরুণ গান্ধীর এই মতামত আমাদের জাতীয় স্বার্থবিরোধী।’
উল্লেখ্য, বরুণ গান্ধীর মা মেনকা গান্ধী বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর কনিষ্ঠ ছেলে সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধী। মেনকা গান্ধী ও তার ছেলে বরুণ গান্ধী কংগ্রেস ছেড়ে প্রতিপক্ষ বিজেপিতে যোগ দিয়েছেন।
তবে বিজেপিতে মেনকা মন্ত্রিত্ব পেলেও বরুণ গান্ধী বেশ কোণঠাসা হয়ে আছেন। রোহিঙ্গাদের নিয়ে সর্বশেষ নিবন্ধের মাধ্যমে ফের আলোচনায় আসলেন বরুণ গান্ধী।





