মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ জামালপুরের সরিষাবাড়ীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা রুকুনুজ্জামানের খোঁজ এখনো মেলেনি।
সোমবার সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হন তিনি।
তথ্য-প্রযুক্তির সহযোগিতা নিয়েও মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ পৌর মেয়েরর সন্ধান দিতে পারেনি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুশ্চিন্তায় দিন অতিবাহিত করছেন নিখোঁজের পরিবার-পরিজন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) সেলিম মিয়া পরিবর্তন ডটকমকে জানান, রুকুনুজ্জামানকে সম্ভাব্য সকল স্থানেই খোঁজ করা হচ্ছে। তথ্য-প্রযুক্তির সহায়তাও নেওয়া হয়েছে। র্যাবও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
তিনি বলেন, যেখান থেকে পৌর মেয়র নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলোর পর্যালোচনা করে দেখা হচ্ছে। আশা করছি দ্রুত ফলাফল পাব।





