রাজধানীর ২৩১টি পূজা মণ্ডপ সিসি টিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোঃ আছাদুজ্জামান মিয়া।
রাজধানীতে ’ক’ ক্যাটাগরির ধানমন্ডি, ঢাকেশ্বরী, রামকৃষ্ণ মিশন ও গুলশান-বনানীর মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে। এছাড়া রাজধানীর ২৩১টি পূজা মণ্ডপে নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ।
আজ সোমবার সাড়ে ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, উৎসব উদযাপন করবেন বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। আর এতে নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজায় আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করবো।





