অস্ট্রেলিয়া সিরিজ শেষে দেশের ক্রিকটাঙ্গনের মুখরোচক আলোচনার বিষয় হয়ে উঠেছিল অধিনায়ক মুশফিকুর রহিম এবং বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের দুটি বক্তব্য।

চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে দলে নিজের ভূমিকা জানতে চেয়েছিলেন মুশফিক। তার এই কথার জবাবে নাজমুল হাসান বলেছিলেন, ‘সমস্যা মুশফিকের। মাশরাফি ক্যাপ্টেন্সি করে না? সে তো এ ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। সাকিব পেয়েছে টি-টোয়েন্টিতে, লিখে দিতে পারি এরকম কিছুর মুখোমুখি হবে না!’

বোর্ড প্রধানের এই বক্তব্য দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ফলশ্রুতিতে মুশফিকের অধিনায়কত্বটাই প্রশ্নের মুখে পড়ে যায়! স্বয়ং বিসিবি প্রধানের এভাবে প্রকাশ্য সমালোচনায় ভেঙে পড়েছিলেন মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে আজ শনিবার সংবাদ সম্মেলনে মুশফিক পরিস্কার করলেন বোর্ড প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে তার অবস্থান।

টাইগার টেস্ট ক্যাপ্টেন বললেন, ‘এখানে খারাপ লাগাটাই স্বাভাবিক। কারন আপনি যে জিনিসটা এতো সততার সঙ্গে করছেন, সেটা নিয়ে কথা উঠলে তো খারাপ লাগবেই। আমার মনে হয় সমালোচনা যে কোন সময়ই থাকতে পারে, সেটা কাটিয়ে ওঠাই ক্রিকেটারদের জীবন। আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমিও বলব, আমরা সেটাই চেষ্টা করি।

অর্থাৎ বোঝাই গেল, মনে যাই থাকুক বোর্ড প্রধানের সমালোচনা প্রকাশ্যে ইতিবাচকভাবেই নিচ্ছেন মুশি। নাজমুল হাসানের ওই বক্তব্যের পর তার সঙ্গে দেখা করেছিলেন অধিনায়ক। তখন থেকেই অবশ্য বরফ গলতে শুরু করে। মুশফিক আরও বলেন, ‘বাংলাদেশ গত দুই-আড়াই বছরে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলছে। বাইরে গিয়ে হয়ত শ্রীলঙ্কা ছাড়া কারও সঙ্গে জিততে পারিনি। তারপরও বাংলাদেশ এতো ধারাবাহিক কখনই টেস্টে ছিল না। হয়ত বা তাদের চাহিদা আরও বেশি। আমরা চেষ্টা করবো, এটা মানিয়ে নেওয়ার। ‘