মিয়ানমারের রাখাইনের নিপীড়িত, বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শিখ ধর্মাবলম্বী একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংগঠন।
শিখ ধর্মগুরু গোবিন্দ সিং জির আদর্শে অনুপ্রাণিত ‘খালসা এইড’ নামে যুক্তরাজ্যভিত্তিক এই সংগঠনটি কক্সবাজারের টেকনাফ উপজেলার গ্রামে কাজ করছে।
প্রতিদিন ৩০ হাজার থেকে ৫০ হাজার মানুষের জন্য খাদ্য ও পানি সরবরাহের আয়োজন নিয়ে মঙ্গলবার থেকে তারা মাঠে নেমেছে।
খালসা এইডের ভারত শাখার পরিচালক অমরপ্রীত সিংয়ের নেতৃত্বে পাঞ্জাব থেকে আসা স্বেচ্ছাসেবকরা রোহিঙ্গা শরণার্থীদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন।
অমরপ্রীত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আমরা ৫০ হাজার মানুষকে ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।কিন্তু এখানে ৩ লাখের বেশি শরণার্থী আছে। তারা পানি, খাদ্য, কাপড় ও আশ্রয় ছাড়া জীবন-যাপন করছে।”
খালসা এইড বলছে, তারা শরণার্থীরা নৌকা থেকে নামার পর তারা তাদের হাতে পানি ও খাবার তুলে দিচ্ছে।তাদেরকে আশ্রয় শিবিরে পৌঁছে দিচ্ছে।
অমরপ্রীত বলেন, “এসব মানুষ মরিয়া অবস্থায় আসছে। সামান্য খাবার পানি হাতে পাওয়ার তাদের যে স্বস্তি, সেটা আগে কখনও দেখিনি।ক্যাম্পে যাওয়ার মতো পরিবহন ভাড়া তাদের নেই।স্থানীয় রিকশাওয়ালারাও পরিস্থিতির সুযোগ নিয়ে চড়া দাম হাঁকছে। তাই আমরা তাদের পরিবহনের ব্যবস্থা করছি।”
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে গত ২৪ অগাস্ট পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার পর থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলোতে নতুন করে সেনা অভিযান চলছে। নির্যাতনের শিকার হয়ে ভিটেমাটি ছেড়ে রোহিঙ্গারা পালিয়ে আসছে বাংলাদেশে; এ পর্যন্ত প্রায় চার লাখ শরণার্থী সীমান্ত পেরিয়ে কক্সবাজারে প্রবেশ করেছে।
রাখাইনের পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে বলে মনে করছে জাতিসংঘ।





