সময়ের হিসেবটা তিন বছরের। সর্বশেষ ২০১৪ সালে বরিশাল বিভাগের বিপক্ষে জাতীয় লিগে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার যখন রংপুর বিভাগের বিপক্ষে খুলনার হয়ে ১৯তম জাতীয় লিগে ফিরলেন, তখনও সেই চেনা ছন্দ। উইকেট না পেলেও, রান খরচে কৃপণতা লঙ্গার ভার্সনের ক্রিকেটে মাশরাফির প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামা খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক নতুন বল তুলে দেন মাশরাফির হাতে। প্রথম স্পেলে ছয় ওভার বল করে খরচ করেছিলেন মাত্র ১৮ রান। মেইডেন নিয়েছেন একটি। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি নিজের দ্বিতীয় ওভারের বল করছেন। সবমিলিয়ে মোট নয় ওভারে খরচ করেছেন ২৯ রান।
চারদিনের এই ম্যাচে প্রথমদিনে এখন পর্যন্ত চার উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে রংপুর। ওপেনার সায়মন আহমেদ হাফ সেঞ্চুরির মাথায় আব্দুর রাজ্জাকের বলে আউট হওয়ার পর দলের হাল ধরেছেন নাঈম ইসলাম। ৪৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। বল হাতে বাঁ-হাতি স্পিনার রাজ্জাক ও ডানহাতি পেসার আল-আমিন হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।





