প্রথমবারের মতো আইকনের ট্যাগ লেগেছিল মোস্তাফিজের গায়ে। কিন্তু সেটি কাল হলো বিপিএল থেকে বরিশলা বুলসের বাদ পড়ায়। সে কারণে আইকন থেকে সরে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে। প্লেয়ার ড্রাফটে সবার আগে তাকেই ডাকা হবে।
আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। আগেই ‘নিজ উদ্যোগে’ দল গড়ে ফেলা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে উত্তেজনার অংশ বলতে একমাত্র মোস্তাফিজের অন্তর্ভূক্তি। এদিন, সবার আগে তার নাম ড্রাফটে তোলা হবে। ক্যাটাগরি হিসেবে তিনি পাবেন ৬০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৫০ লক্ষ টাকা।
মোস্তাফিজের পর দুই ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ও নাজমুল হোসেন শান্তর নাম উঠবে ড্রাফটে। গেল আসরেও বরিশাল বুলসের হয়ে খেলেছেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার নাফিস। ড্রাফটের আগেই পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ড্রাফট থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত সাতজন করে দেশি ক্রিকেটার নিতে হবে। বিদেশি ক্রিকেটারের তালিকা থেকে বেছে নিতে হবে দু’জনকে।
ব্যাটসম্যানদের তালিকা থেকে জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, হাসানুজ্জামান, বোলারের তালিকা থেকে আরাফাত সানি, আবুল হাসান রাজু, আব্দুর রাজ্জাক ও আবু হায়দার রনির দিকে চোখ থাকবে দলগুলোর।





