টানা ক্রিকেট থেকে বিরতি নিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। অবশ্য বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বিশ্রাম চেয়েছেন ছয় মাসের জন্য। সেই হিসেবে সাকিব মিস করতে পারেন চলতি বছরের সবগুলো টেস্টই।
সাকিবের বিশ্রাম বিষয়ে ক্রিকেট পাড়ায় যখন ব্যাপক আলোচনা, তখনই চাউর হয়- বিশ্রাম নিতে চাচ্ছেন তামিম ইকবালও! ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ১০ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই ওয়ানডে সিরিজে বিশ্রাম চান তামিম- এমন খবর বেশ ঘটা করেই প্রচার করা হয়েছে কয়েকটি সংবাদমাধ্যমে।
এই বিষয়ে জাতীয় দলের নতুন ম্যানেজার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘তামিমের কাছ থেকে সরাসরি নয় বিভিন্ন মাধ্যম থেকে খবরটা আমার কানেও এসেছে।’
তামিমের বিশ্রামের বিষয়টি অস্বীকার করে নান্নু আরও বলেন, ‘এ বিষয়ে আমরা কেউ কিছু জানি না। আমরা যাদের সিলেক্ট করেছি, তারা সবাই যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর ওয়ানডে দলটি টেস্টের মধ্যে ঘোষণা করা হবে, তখন বিষয়টি ডিক্লার করা হবে। তবে এমন কোন বিষয় আমি শুনিনি।’





