বান্দরবানের নাইক্ষাংছড়ি থেকে মিয়ানমারের চারজন গুপ্ত চরকে আটক করেছে বিজিবি। মিয়ানমার সেনাদের অত্যাচার থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোজ খবর নিয়ে বার্মিজ আর্মিদের দেওয়াই ছিল এদের কাজ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে এই চারজন গুপ্তচরকে আটক করেছে বিজিবি। বর্তমানে তাদের বান্দরবান সদরে সেনাবাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, এই চারজন মিয়ানমার সেনাদের সাথে মিশে বিপুল পরিমান অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের বিভিন্ন তথ্য সেনাদের দিয়েছে। একই সাথে আর্মির সাথে মিলে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, ধর্ষন, লুণ্ঠনের মত অপরাধ করেছে তারা। তাদের এই চার জনের হাতেই কয়েকশ রোহিঙ্গা নিহত হওয়ার খবর স্বীকার করেছে তারা।

বান্দরবান সেনা রিজিয়নের জি এস টুআই মেজর মেহেদী হাসান জানান, তারা মিয়ানমার আর্মির হয়ে কাজ করছে। তারা মিয়ানমার থেকে অন্যান্য নির্যাতিত সাধারণ রোহিঙ্গাদের সাথে এপারে এসে আশ্রয় নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অডিও ভিডিওসহ সকল ধরনের তথ্য মিয়ানমার আর্মির কাছে পৌঁছে দেয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে গোপনীয়তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।