বিপিএলের এবারের আসরে আইকন খেলোয়াড় হিসেবে শুরুতে বরিশাল বুলসে চুক্তিবদ্ধ হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। দলটিতে আগেরবার খেলেছিলেন শাহরিয়ার নাফিসও। কিন্তু ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় পঞ্চম আসর থেকে বাদ দেওয়া হয় বরিশাল বুলসকেই।
ফলে মোস্তাফিজ ও বরিশাল বুলসে থাকা অন্য ক্রিকেটাররা এখন যেকোনো দলে খেলার জন্য উন্মুক্ত। শনিবার উন্মুক্ত থাকা অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিয়ে প্লেয়ার্স ড্রাফট । জানা যাবে কোন দলে যাচ্ছেন মোস্তাফিজ, শাহরিয়ার নাফিসরা।
প্লেয়ার্স ড্রাফট থেকে অন্তত ২ জন বিদেশি নিতে হবে প্রতি দলকে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ড্রাফট থেকে নিতে হবে অন্তত ৭ জন। এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র মোস্তাফিজই আছেন উন্মুক্ত। তাই ধারনা করা যাচ্ছে প্লেয়ার্স ড্রাফটে দলগুলোর পছন্দের তালিকায় সবার উপরে থাকবেন তিনি। গত বিপিএলে বরিশাল বুলসের হয়ে নজর কাড়া অভিজ্ঞ শাহরিয়ার নাফিসকেও পেতে চাইবে দলগুলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাজমুল হোসেন শান্তকে ছেড়ে দেওয়ায় এই তরুণ ব্যাটসম্যানও প্লেয়ার্স ড্রাফটে কাড়তে পারেন নজর।
স্থানীয় ব্যাটসম্যানদের জহুরুল ইসলাম অমি, হাসানুজ্জামানের দিকে নজর থাকবে দলগুলোর। অল রাউন্ডার শুভাগত হোম প্লেয়ার্স ড্রাফটে থাকবেন আগ্রহের তালিকায়। বোলারদের মধ্যে আরাফাত সানি, আব্দুর রাজ্জাক, আবুল হাসান রাজু, আবু হায়দার রনিদের নিয়েও হতে পারে কাড়াকাড়ি।
এ গ্রেডে থাকা বিদেশীদের মধ্যে আছেন আজহার আলি, দিনেশ চান্দিমাল, গ্যারী ব্যালেন্স, কামরান আকমল, মিসবাউল হক, টিম ব্রেসনান এবং উপুল থারাঙ্গা। এদের প্রত্যেকের মূল্য ধরা হয়েছে ৭০ হাজার ইউএস ডলার। জ্যাক বল, জেসি রাইডার, সোহেল তানভীর ৫০ হাজার ডলার ভিত্তিমূল্য নিয়ে আছেন বি গ্রেডে। সহযোগী সদস্য দেশগুলোর আরও ১৪ ক্রিকেটারকে রাখা হয়েছে প্লেয়ার্স ড্রাফটে। কারা শেষ পর্যন্ত দল পান দেখার বিষয়।
এবারের আসর দিয়ে বিপিএলে ফিরেছে সিলেটের ফ্রেঞ্চাইজি। নতুন মালিকানায় দলটির নাম সিলেট সিক্সার। বেশ কিছু পজিশনে ক্রিকেটার দরকার তাদের। লিয়াম প্লাঙ্কেট, কিসমার সান্তকি, পাকিস্তানের উদীয়মান পেসার উসমান খান শেনওয়ারিও তাই থাকতে পারেন আগ্রহের কেন্দ্রে।
প্লেয়ার্স ড্রাফটের আগেই ঢাকা ডায়নামাইটস ১২ জন বিদেশী ক্রিকেটার নিশ্চিত করে ফেলেছে। প্লেয়ার্স ড্রাফটে দলটি স্থানীয় ক্রিকেটার টানার দিকে ঝুঁকতে পারে।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুর বলরুমে বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। পুরো অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা ও গাজি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
শুরুতে ৪ নভেম্বর বলা হলেও এখন এগিয়ে ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। গেলবারের আসরে থাকা বরিশাল বুলসকে এবার বাদ দেওয়া হয়েছে। নতুন যুক্ত হয়েছে সিলেট সিক্সার্স। আগের মতই আছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।





