জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে সাধারণ মানুষ। আবার কেউ কেউ হাত দিয়ে চলন্ত গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খামারবাড়ি মোড়ের ফুট ওভার ব্রিজের সামনে এমন চিত্র দেখা যায়।
ফুট ওভার ব্রিজ ব্যবহারকারী বলেন, নীচে গাড়ির সিগন্যালের জন্য অপেক্ষা না করে, আমার মনে হয় ব্রিজ দিয়ে রাস্তা পার হলে সময় কম লাগে, তাই আমি ব্রিজ দিয়ে পার হতে পছন্দ করি।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা। বাংলামোটর মোড়ে গিয়ে দেখা যায়, স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে নিচ দিয়ে রাস্তা পার হচ্ছেন। একজন বা দুজন নয়, দল বেঁধে পার হচ্ছে। আবার ট্রাফিক পুলিশ নিজেও সহয়তা করছে রাস্তা পার হতে। অথছ ঠিক তার পাশে রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজ রয়েছে।
ওভার ব্রিজ থাকার পরও এভাবে রাস্তা পার হচ্ছে কেন জানতে চাইলে পথচারী মামুন বিডি২৪লাইভের এ প্রতিবেদককে বলেন, ‘ভাই সময় কই উপর দিয়ে যাওয়ার। দ্রুত যাওয়া যায় তাই নিচ দিয়েই যাই।’
দায়িত্বরত ট্রাফিক পুলিশ রফিক বলেন, গাড়ি চেক দিব না মানুষ কখন রাস্তা পার হল তা চেক দিব। নিজের ভাল নিজের বুঝতে হয়। জরিমানা করেও মানুষদের ব্রিজ দিয়ে নিতে পারলাম না।
ফুটওভার ব্রিজ যথেষ্ট ব্যবহার না হওয়ার কারণ হিসেবে ‘নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানান, রাজধানীতে শতাধিক ফুটওভার ব্রিজ থাকলেও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়ে রাস্তা পার হচ্ছেন। এমনকি নিচ দিয়ে সামান্য ফাঁকা জায়গা সেটা দিয়েই রাস্তা পার হচ্ছেন। ওভারব্রিজগুলোর নিচ দিয়ে সড়ক বিভাগের ৩-৪শ’ ফুট লম্বা রেলিং বা ব্যারিকেড দেয়া থাকে। অত্যন্ত দুঃখের বিষয়, পথচারীরা এর মধ্যেও রাস্তা পারাপারের ফাঁক বের করে নেয়। আর সেটুকু দিয়েই চলে পারাপারের প্রতিযোগিতা। এটা বন্ধ হওয়া উচিত। তাহলে দুর্ঘটনা কমবে।





