যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ান (রহ.) মেলা শুরু হচ্ছে মঙ্গলবার। দশ দিনব্যাপী মেলা ঘিরে প্রতিবারের মতো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এবারের মেলায় আসবাবপত্র, খেলনা, প্রসাধনী, গার্মেন্টস, হোটেল-বেকারি, মিষ্টির দোকান, নাগরদোলা, যাদু প্রদর্শনী, সার্কাস, স্টিল সামগ্রীসহ প্রায় হাজারের অধিক দোকান বসেছে। মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে কপোতাক্ষ নদে স্পিডবোর্ড ও মৃত্যুকূপে প্রাইভেটকার চালানো।

মেলা কমিটির সভাপতি নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল বলেন, চৌগাছার হাজরাখানা গ্রামে কপোতাক্ষ নদের পাশে পীরে কামেল বলুহ দেওয়ানের রওজা শরীফ অবস্থিত। এ স্থান ঘিরে প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার মেলা বসে ৭ দিন। এবার হবে ১০ দিন।
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, মেলার নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ ও আনসার ভিডিপি আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে। এছাড়া স্বেচ্ছাসেবক দলও কাজ করবে।
উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন জানান, মেলায় যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয় সে ব্যাপারে কঠোর দৃষ্টি রাখা হচ্ছে।