মিশরের সিনাইয়ে নিরাপত্তা বাহিনীর একটি সাঁজোয়া বহরে কথিত ইসলামিক স্টেট-আইএস যোদ্ধাদের অ্যাম্বুশে কমপক্ষে ১৮ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। সোমবার উত্তর সিনাইয়ের আল-আরিশের ৩০ কিলোমিটার পশ্চিমে এই হামলার ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।

পুলিশ এবং সামরিক কর্মকর্তারা জানান, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা চারটি সাঁজোয়া যান এবং একটি সিগন্যাল জ্যামিং যানে আঘাত হানলে সেগুলো বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

এরপর হামলাকারীরা অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে তরা একটি পুলিশ ট্রাকের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
নিহতদের মধ্যে দুজন পুলিশ লেফটেন্যান্ট রয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ বিগ্রেডিয়ার জেনারেল রয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করা হলেও হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেনি।
আমাক ওয়েবসাইটে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসলামিক স্টেস্ট ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসএল) এই হামলার দায় স্বীকার করেছে।
সহিংসতাপ্রবণ সিনাইয়ের ওই সশস্ত্র গ্রুপটি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠীটির আনুগত্য প্রকাশ করেছিল। গ্রুপটি এর আগে জুলাইতে হামলা চালিয়ে রাফাহ এলাকায় ২৩ সেনাকে হত্যা করেছিল।
রাজধানী কায়রোর জনবহুল এলাকায় অভিযান চালিয়ে ‘সন্ত্রাসী চক্রের’ ১০ জনকে হত্যার দাবি করার একদিন পর এই অ্যাম্বুশের ঘটনা ঘটল।