দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা এমনিতেই ছিল অগ্নিপরীক্ষার আরেক নাম। বাংলাদেশ দলের জন্য সেটি আরও কঠিন হয়ে যাচ্ছে সাকিব আল হাসান থাকছেন না বলে।
টানা ক্রিকেট খেলার ক্লান্তি ঘোচাতে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হচ্ছে এই সিরিজে।
‘বিশ্রাম দেওয়া হচ্ছে’ না লিখে অবশ্য ‘বিশ্রাম নিচ্ছেন’ লেখা উচিত। কারণ এটা বোর্ড বা নির্বাচকদের সিদ্ধান্ত নয়। বিশ্রামটা সাকিব নিজেই চেয়েছেন। চেয়েছিলেন আরও লম্বা সময়ের জন্য।
ক্রিকেট বোর্ডের উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে আগামী ছয় মাস টেস্ট ক্রিকেট খেলতে চান না সাকিব।
সূত্র জানিয়েছে, ‘সাকিবের আবেদন পুরোপুরি না মানলেও বোর্ড হয়তো তাকে তিন মাসের ছুটি দিতে পারে। আর তা দেয়ার অর্থ দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলা এবং খুব সম্ভবত বোর্ড তা মেনে নেবে। অর্থাৎ সাকিবকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে দূরে থাকার অনুমতি দেবে বোর্ড।’





