স্ত্রীকে ভালোবাসার নিদর্শন তো কত রকমেরই দেখা যায়। কিন্তু এবার অনন্য আরেক নিদর্শন স্থাপন করলেন ভারতের এক ব্যক্তি। শহরের বিভিন্ন জায়গায় কিডনি বিক্রি করবেন বলে দিয়েছেন বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপন নিয়ে নিজেই হাটছেন রাস্তায়।
কিন্তু কেন কিডনি বিক্রি করবেন তিনি? জানা গেছে, আদালতের নির্দেশ, স্ত্রীকে ভরনপোষনের দায়িত্ব নিতে হবে। আর সেই জন্য টাকার জন্যই নিজের কিডনি বিক্রি করতে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।
জানা গেছে, ২০০২ সালে বিয়ে হয় প্রকাশের। স্ত্রী অষ্টম শ্রেণি পাস। বিয়ের পরেও স্ত্রীকে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে উত্সাহ দেন তিনি। স্ত্রী বিএ পাস করেন। এরপর কম্পিউটার এডুকেশনে একটি স্নাতকোত্তর ডিপ্লোমা, এমনকি বি.এড-ও পাস করেন প্রকাশের স্ত্রী।
একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করেন প্রকাশের স্ত্রী। কিন্তু তারপরই আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা ঠুকে দেন প্রকাশের স্ত্রী। অভিযোগ, ‘প্রকাশ রোজগারের কোনো চেষ্টাই করে না। ’
মাসিক ২২০০ টাকা খোরপোষ নির্ধারণ করে বিবাহ বিচ্ছেদের নির্দেশ দেয় আদালত। এরপরই দেখা যায়, শহরের বিভিন্ন জায়গায় কিডনি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছেন প্রকাশ।
প্রকাশের দাবি, স্ত্রীর পড়াশোনার খরচ জোগাতে গিয়ে তাকে বাড়ি বিক্রি করতে হয়েছে। এখন তার হাতে কানাকড়িও নেই। তিনি সর্বস্বান্ত। তাই কিডনি বিক্রি করে খোরপোষ দেওয়া ছাড়া তার হাতে আর কোনো উপায় নেই।
তবে এতকিছুর পরেও তিনি যে এখনো স্ত্রীকে ভালোবাসেন, সেটাও ওই বিজ্ঞাপনে জানিয়েছেন প্রকাশ।





