নওগাঁর মান্দায় র‌্যাব এর সদস্যদের নির্যাতনে মোজাহারুল ইসলাম ওরফে জিএস নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আটকের পর র‌্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদের নামে প্রকাশ্যে দফায় দফায় পিটিয়ে মোজাহারকে অসুস্থ করে ফেলে।

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

স্থানীয়রা জানান, মান্দা উপজেলার সিংগীবাজার এলাকা থেকে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোজাহারুলকে আটক করে র‌্যাব। এসময় ৮-১০ জন র‌্যাব সদস্য জিএসকে দোতালায় তার কক্ষে নিয়ে ঘন্টাব্যাপি বেদম মারপিট করে। এ সময় জিএস এর আর্তচিৎকারে আশপাশের শতাধিক লোকজন সেখানে জড়ো হন। পরে অস্ত্র উদ্ধারের নামে রাত ৯টার দিকে তাকে নিয়ে গ্রামের কবরস্থান, আম বাগান, কলা বাগানসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাব।

মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, র‌্যাব কিংবা নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। তবে তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নেই।