কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় বৃহস্পতিবার রাতে সিএনজি অটোরিক্সার সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সারোহী হোসেন সরকার নামের এক পুলিশ কনস্টেবল নিহত ও চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার উপজেলার চরবাকর এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ১০ টায় ঈদের ছুটি শেষে পুলিশ কনস্টেবল হোসেন সরকার একটি সিএনজি অটোরিক্সাযোগে ময়নামতি সেনানিবাস এলাকায় আসার পথে বিপরীত দিক থেকে আসা তিশা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এসময় আহত সিএনজি অটোরিক্সার চালকসহ ৪ জনকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে হোসেন সরকারের মৃত্যু হয়।
দেবীদ্বার পুলিশ সুত্র জানায়, হোসেন সরকার ঈদের ছুটি শেষে বাসযোগে কর্মস্থল রাঙ্গামাটিতে ফেরার জন্য ময়নামতি সেনানিবাস এলাকায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





