রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত গণহত্যা নির্যাতন বন্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে খুলনা। শুক্রবার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

এসব কর্মসূচিতে গণহত্যা-নির্যাতন-অগ্নিসংযোগ বন্ধে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য জাতিসংঘ এবং ওআইসিসহ মানবাধিকার সংস্থাসমূহের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে একজন মুসলমান হিসেবে অন্যায় জুলুমের শিকার অপর মুসলিমকে আশ্রয় দেয়াও আমাদের ইমানী দায়িত্ব বলেও উল্লেখ করেন বক্তারা।

খুলনা মহানগর বিএনপি : রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং এ দেশে তাদের আশ্রয় দানের দাবিতে বিএনপি খুলনা মহানগর শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিএনপির সকল থানা ও ওয়ার্ড কমিটি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ওলামা দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা এতে যোগ দেন। সভাপতিত্ব করেন দলের নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় বক্তব্য রাখেন- কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, অ্যাডভোকেট বজলার রহমান, সৈয়দা রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, ফখরুল আলমসহ আরো অনেকে।

মিয়ানমারের রোহিঙ্গাদের উপর সে দেশের সেরাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক মুসলিম নিধন, নৃশংস নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বাদ জুমা ইসলামী ছাত্র মজলিস খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে নগরীর ইসলামপুর জামে মসজিদ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগর সভাপতি এস.এম.ফয়জুল্লাহ সিদ্দিকী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর সেখানকার সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক যে নৃশংস নির্যাতন ও গণহত্যা চালাচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে। সীমান্ত অঞ্চলে আরাকানের রোহিঙ্গা মুসলমান নর-নারী-শিশু-বৃদ্ধ ছুটে এসে ভিড় করেছে। আর সীমান্তর ওপার থেকে ভেসে আসছে বিপন্ন রোহিঙ্গাদের বাঁচাও বাঁচাও আর্তনাদ। বাতাসে ভেসে আসছে বারুদ আর লাশের গন্ধ।
এছাড়াও মুসলিম নারীরা পাশবিক নির্যাতন-নিপীড়ন ও ইজ্জত আব্রু বাঁচানোর তাগিতে এক কাপড়ে সীমান্তের দিকে ছুটে আসছে। সমাবেশে বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করে মাজলুম রোহিঙ্গা মুসলমানদের এ দেশে আশ্রয় ও নিরাপত্তার ব্যবস্থা এবং নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

জেলা সেক্রেটারি সাজ্জাদুল্লাহ রায়হানির পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাও. গোলাম কিবরিয়া, সেক্রেটারি মাও. আলি আহমদ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, হাফেজ শফিকুর রহমান, ইমদাদুল্লাহ আজমি ডালিমসহ আরো অনেকে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরীর বায়তুন নূর মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।