ঈদ আনন্দ ভাগাভাগি শেষে এখন সবাই ছুটছে যান্ত্রীক শহর ঢাকার দিকে। এতে করে দৌলতদিয়া ঘাট এখন জন স্রোতের রুপ নিয়েছে।
পাটুরিয়া ঘাটে লোকাল বাসের সংকট দেখা দিয়েছে। এতে করে ঢাকামুখো মানুষেরা পড়ছেন চরম ভোগান্তিতে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে এই চিত্র লক্ষ করা যায়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, শুক্রবার সকাল থেকেই ঢাকামুখো মানুষের বাড়তি চাপ পড়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখো ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীবাহী পরিবহনের সংখ্যাও বাড়তে থাকে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক যাত্রীবাহী পরিবহন, পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও দেড় শতাধিক ছোট গাড়ি নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
ক্রমেই যানবাহনের লাইন আরও দীর্ঘ হচ্ছে। পঁচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য সকল ট্রাক পারাপার বন্ধ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার হচ্ছে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীবাহী পরিবহন। তবে ঘাট পন্টুন ফেরির তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে যানবাহনের দীর্ঘ লাইন জমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পাটুরিয়া থানা নৌ পুলিশের উপপরিদর্শক শফিকুল আলম জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ২১ টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মিলে দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে লঞ্চে লোকাল যাত্রীর পরিমাণ বেশি থাকার কারণে যাত্রীবাহী বাসের সংকট রয়েছে বলেও জানান তিনি।





