সিলেটের জৈন্তাপুরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকসহ কিবরিয়া আহমেদ (২৪) নামের এক সিএনজি অটোরিকশার চালককে আটক করেছে র্যা ব। জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার করিসেরপুর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কিবরিয়া আহমেদ জৈন্তাপুরের নয়াখেল দক্ষিণ গ্রামের ইজাজুল হকের ছেলে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

র্যা ব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি পিযুষ চন্দ্র দাস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকেলে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করিসেরপুর ব্রিজ এলাকায় নাম্বারবিহীন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশার পেছনের সিটের নিচে একটি শপিং ব্যাগের ভেতর মোবাইলের বক্সের ভেতর ৫০ গ্রাম ওজনের তারসহ ৬ পিস ইলেকট্রনিক ডেটোনেটর ও প্রায় পৌনে ১ কেজি ওজনের ৬ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল উদ্ধার করা হয়। পরে তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
জৈন্তাপুর থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, র্যা ব কর্তৃক হস্তান্তরকৃত আসামি কিবরিয়াকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তার রিমান্ড আবেদন জানানো হবে।