মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে নীরব ভূমিকা পালন করায় শান্তিতে নোবেলজয়ী দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি’র কঠোর সমালোচনা করে নিবন্ধ প্রকাশিত হয়েছে বিশ্বের কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমে। কোনো কোনো গণমাধ্যমের প্রতিবেদনে সু চি’র নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ারও দাবি তোলা হয়েছে।

রোহিঙ্গা নির্যাতন নিয়ে চুপ থাকায় সু চি’র সমালোচনা করে বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘অং সান সু চি’র লজ্জাজনক নীরবতা’ শীর্ষক ওই প্রতিবেদনটি করেছেন ইশান থারুর। রোহিঙ্গাদের প্রসঙ্গে ওই প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ লাখ লোক বর্তমানে আতঙ্কের মধ্যে বসবাস করছেন; তারা অপরিচর্যাকারী সরকারের ক্রোধের মুখোমুখি। তারা যে স্থানটিকে নিজেদের বাড়িঘর মনে করে আসছে, ওই সরকার সেটাকে স্বীকৃতি দেবে বলে মনে হচ্ছে না। প্রতিবেদনে রাখাইনে সহিংসতা ও প্রাণভয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার বিষয়টি তুলে ধরে অং সান সু চি’র সমালোচনা করা হয়। রাখাইনে হত্যা, ধর্ষণ, নির্যাতনের খবর রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বর্বরতা এবং আন্তর্জাতিক নেতা ও সংস্থাগুলোর সমালোচনা সত্ত্বেও সু চি রহস্যজনকভাবে নীরবতা পালন করছেন।