রোহিঙ্গা ইস্যু কোন সাধারণ ইস্যু না। এটা একটি দেশ ভাঙ্গার ষড়যন্ত্র। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে স্বাধীন একটি রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছে একটি আন্তর্জাতিক চক্রান্তকারী গোষ্ঠী।

বুধবার সকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাউফল উপজেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ।

এ সময়ে তিনি মিয়ানমারে চলমান গণহত্যা এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য অং সাং সু চির সমালোচনা করেন। একটি রাষ্টের নাম উল্লেখ না করে বলেন, ওই রাষ্ট্রটি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা বললেও মিয়ানমারকে এ ধরনের অপরাধ থেকে নিবৃত্ত করার জন্য কিছু বলে না। রাষ্ট্রবিরোধী এ ধরনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানান।

সভায় আলোচনার এক পর্যায় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেকের বিরুদ্ধে বাউফল উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের সাথে সখ্যতার কারণ নিয়েও প্রশ্ন তোলেন। ওই সচিবের বিরুদ্ধে আওয়ামী লীগের মধ্যে গ্রুপিংয়ের সৃষ্টিরও অভিযোগ করেছেন।

বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।