সৌদি আরবের মক্কায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দিনাজপুরের এক হাজির মৃত্যু হয়েছে। নিহত ওয়াসীম আনসারী রাসু (৪৫) দিনাজপুর শহরের পুরাতন বাহাদুর বাজার এলাকার ইয়াসীন আনসারীর ছেলে। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী ছিলেন।

রাসুর ছোট ভাই ইকবাল আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাসু ২৮ অগাস্ট রাতে হজের জন্য বাংলাদেশ থেকে রওনা হন। বাংলাদেশ সময় সোমবার রাত ৯টার দিকে মারা যান তিনি।

“একই সঙ্গে হজে যাওয়া ইমরান মোবাইল ফোনে জানিয়েছেন, মক্কায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়েন রাসু। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

লাশ সৌদি আরবে দাফন করা হবে বলে জানিয়েছেন ইকবাল আনসারী।