আধ্যাত্মিক ঋষি, জনহিতৈষী, বহুমুখী গায়ক, চৌকস ক্রীড়াবিদ, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক, লেখক, গীতিকার, জীবনীকার...। ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই পরিচয় ভারতের স্বঘোষিত ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম সিংয়ের। অ্যাকাউন্টে আবার নামের আগে ‘ড.’ উপাধিও উল্লেখ করা।
একদিকে সিনেমার হিরো, দলিত সম্প্রদায়ের মানুষকে 'ইনসান'-এর মর্যাদা দেওয়া, রাজনৈতিক ক্ষমতা আর পেশীশক্তি - এই সব কিছুর মিশেলেই প্রায় আড়াই দশক ধরে গড়ে উঠেছে গুরমিত রাম রহিম সিং-এর ভক্তকুল।
নিজের দুই নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে হরিয়ানার কারাগারে বন্দি রয়েছেন ভারতের এই আলোচিত ধর্মগুরু।
তাকে মামলায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেয়ার ঘটনায় এরইমধ্যে তার ৩৮ জন ভক্ত সহিংসতায় প্রাণ হারিয়েছেন। যার ফলে তার বিচার নিয়ে ভারতজুড়েই বেশ কয়েক দিন তোলপাড় চলছে।
এরমধ্যেই গুজব ছড়িয়ে পড়েছে কারাগারে নকল গুরমিত সিংকে বন্দি রেখে আসল গুরুকে ছেড়ে দেয়া হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
সামাজিক যোগাযোগে মাধ্যমে গুরমিতের ‘সাম্প্রতিক’ দুটি ছবিকে ঘিরে এ গুজবের সৃষ্টি হয়েছে।
উত্তর ভারত কেন্দ্রিক সংবাদ মাধ্যম ভাস্কর এক প্রতিবেদনে জানিয়েছে, ওই দুটি ছবি দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, জেলেবন্দি গুরমিতই আসল ‘বাবা’ কি না?
এই প্রশ্নের সূত্রপাত একটা ছবিকে ঘিরে। গত ১৬ আগস্ট হরিয়ানার শিক্ষামন্ত্রী রামবিলাস শর্মার সঙ্গে এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল গুরমিত সিংকে। ওই অনুষ্ঠানের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। এত দেখা যায়, ধর্মগুরুর চুল-দাড়ি বেশ ছোট করে ছাঁটা।
ওই অনুষ্ঠানের দশ দিনের মাথায় ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হন গুরমিত সিং। এদিন আদালতের মধ্যে ওঠা তার বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এসব ছবিতে দেখা যায়, সাদা পোশাক পরা গুরমিতের চুল-দাড়ি বেশ বড়। মাত্র দশ দিনের মধ্যে এতটা বড় কিভাবে হওয়া সম্ভব, এ প্রশ্নেই আসল গুরমিতের কারাগারে বন্দি থাকা নিয়ে প্রশ্ন ওঠে।
কেউ বলছেন, প্রথম ছবিটা যদি ঠিক হয়, তবে দ্বিতীয় ছবিটা কিছুতেই আসল গুরমিতের হতে পারে না।
কারও মতে ১৬ আগস্টে তোলা ছবি বলে সামাজিক মাধ্যমে যে ছবি পোস্ট করা হয়েছে, তা আদৌ সেদিনের তোলা নয়। অন্য কোনও সময়ের ছবি।
কেউ আবার মন্তব্য করেছেন, ১৬ আগস্ট নকল চুল, দাড়ি পড়ে অনুষ্ঠানে গিয়েছিলেন ধর্ষক গুরমিত।
তবে সামাজিক মাধ্যমের এ ছবি বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নয় হরিয়ানা প্রশাসন।
হরিয়ানার পুলিশ সুপার জানান, প্রয়োজনীয় সব পরীক্ষা করে নিশ্চিত হয়েই তারা গুরমিত রাম রহিমকে কারাগারে অন্তরীণ করেছেন।





