আশুলিয়ায় ড্রামের ভেতর থেকে এক তরুণীর ৩৬ খণ্ড লাশ উদ্ধারের পর এবার ঈদের দিনে গাজীপুরে মিলেছে ড্রামের ভেতরে আরেক হতভাগ্য নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
শনিবার (২ সেপ্টেম্বর) ঈদের দিন দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগানের কাছে ঢাকা বাইপাস সড়কের পাশে কাওরান বাজার আড়তের গেইটের সামনে ফেলে রাখা একটি ড্রামের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার এসআই সন্তোষ চন্দ্র দাস জানান, বেলা ১১টার দিকে এলাকাবাসী ড্রাম থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহটিতে পঁচন ধরেছে।
ধারণা করা হচ্ছে, চার/পাঁচ দিন আগে তাকে হত্যা করে ড্রামে ভরে সড়কের পাশে ফেলে রেখে গেছে। ওই নারীর গায়ে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে টিয়া রংয়ের সালোয়ার-কামিজ রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
উল্লেখ, ঈদের আগের দিন শুক্রবার (১ সেপ্টেম্বর) ঢাকার অদূরে আশুলিয়ায় একটি বাড়ির ঘরের মধ্যে থাকা ড্রামের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর ৩৫ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।





