সরকারের নির্লিপ্ততার কারণেই যশোরের শহীদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল হত্যার বিচার হচ্ছে না। ১৯তম মৃত্যুবার্ষিকীতে খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যশোরের সাংবাদিক সমাজ। বুধবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সাংবাদিকদের পৃথক তিনটি সংগঠনের আলোচনা সভায় এসব দাবি করা হয়।

প্রেসক্লাব যশোরের আলোচনা ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক এসএম তৌহিদুর রহমান। এতে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা ও দোয়া শেষে সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন পৃথক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভার আগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কালো ব্যাচ ধারণ শেষে প্রেসক্লাব যশোরের নেতৃত্বে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শহরে শোক র্যা লি বের করে। র্যা লিটি শহরের বেজপাড়া মুকুল স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এরপর সাংবাদিকরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট দুর্বৃত্তদের বোমা-গুলিতে প্রাণ হারান যশোরের দৈনিক রানারের তৎকালীন সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল।