কলেজছাত্রী রুপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যা ও বরগুনায় স্কুলের সহকারী শিক্ষিকা গণধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় সিরাজগঞ্জ কোর্ট চত্বরে হৃদয়ে বন্ধুসভা এই মানববন্ধনের আয়োজন করে।

হৃদয়ে বন্ধুসভার সভাপতি মারুফ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তারা অভিলম্বে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ সাধারণ সম্পাদক সুকান্ত সেন, সিনিয়র সাংবাদিক খ.ম. একরামুল হক প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকার বনাঞ্চলের রাস্তার ধারে এক তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শনিবার হত্যা মামলা দায়ের করে মধুপুর থানা পুলিশ। এরপর থেকে আসামিদের শনাক্ত করার জোর চেষ্টা চালায় তারা।
মধুপুর থানার অফিসার ওসি সফিকুল ইসলাম জানান, সোমবার রাতে নিহতের স্বজনরা থানায় এসে ওই তরুণীকে শনাক্ত করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ থেকে ছোয়া পরিবহনের চালক, কন্ট্রাক্টর ও হেলপারসহ ৫ জনকে আটক করা হয়।