উপমহাদেশে বর্তমান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের রেকর্ড ততটা সমৃদ্ধ নয়। তবে সেখানে ব্যতিক্রম একজন। তিনি অজি অধিনায়ক স্টিভ স্মিথ। সবশেষ ভারতে এসে চার ম্যাচে করেছিলেন তিনটি সেঞ্চুরি।
সিরিজ শেষে ভারতীয় ব্যাটসম্যানদের পেছনে ফেলে তিনিই ছিলেন সেরা ব্যাটসম্যান। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সেই স্মিথকে দুই অঙ্কের কোটাই ছুঁতে দেননি মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক মুশফিকুর রহীমের পরামর্শেই এটা সম্ভব হয়েছে বলে জানান এ অফস্পিনার।
বর্তমানে প্রতিটি দলেই প্রতিপক্ষের দুর্বলতা জানার জন্য থাকে বিশেষ টেকনিক্যাল দল। তাদের সাহায্য নিয়েই প্রতিপক্ষকে ধরাসয়ি করতে কোচরা নানান ছক আঁকেন । অস্ট্রেলিয়া সিরিজকে লক্ষ্য রেখে গত দেড় মাস ধরেই কঠিন অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানে অজি ক্রিকেটারদের নিয়ে হয়েছে বিশেষ পরিকল্পনা। তবে সে সকল পরিকল্পনা নয়, সোমবার হঠাৎ মাঠেই মিরাজকে একটা পরামর্শ দেন মুশফিক। আর মিরাজও দল নেতার পরামর্শ অনুযায়ী বল করেন। আর তাতেই সফল তিনি।
কি ছিল সেই পরিকল্পনা? মিরাজের ভাষায়, ‘স্মিথের জন্য একটি পরিকল্পনা ছিল। তবে আগের দিন যখন একটা বল করেছিলাম, তখন মুশফিক ভাই বলেছিলেন স্মিথকে যদি রাউন্ড দ্যা উইকেটে ভালো জায়গায় বল কতে পারিস, তাহলে সে আটকে যাবে। সেভাবে খেলতে পারে না, পায়ের ব্যবহার করতে পারে না। সামনে গিয়ে খেলে। সেক্ষেত্রে অনেক সময় বল টার্ন করে স্টাম্প হওয়ার সুযোগ থাকবে, ক্যাচ আউট হওয়ার সুযোগ আসবে। আমি মুশফিক ভাইয়ের কথামতোই বল করার চেষ্টা করেছি। রাউন্ড দ্যা উইকেটে জায়গামত করেছি, সেটি কাজেও লেগেছে।’
আর স্মিথের উইকেট পেয়েও দারুণ খুশি মিরাজ। ভবিষ্যতেও এমন বোলিং করে দলের সেরা ব্যাটসম্যানদের উইকেট তুলে নেওয়ার স্বপ্ন দেখছেন আত্মবিশ্বাসী এ স্পিনার, ‘অবশ্যই ভালো লেগেছে। বিশ্বের সেরা কয়েকজন ব্যাটসম্যানের মধ্যে তাদেরকে ধরা যাবে। তাদের উইকেট পেয়েছি। আর সবচেয়ে বড় কথা যেটা, ভালো জায়গায় বল করতে হবে। মাত্র একটা ইনিংস শেষ হয়েছে। ভালো জয়গায় বল করতে হবে। আমার লক্ষ্য থাকবে, ভালো জায়ায় বোলিং করার জন্য। তাহলে আরও উইকেট পাওয়া যাবে।’
শুধু স্মিথ নয়, দলের আরেক ভয়ংকর ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকেও আগের দিন ফিরিয়েছেন মিরাজ। পেয়েছেন ম্যাথু ওয়েডের উইকেটও। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করেই সফল হয়েছেন বলে জানান মিরাজ, ‘চেষ্টা করেছি ভালো জায়গায় বল করতে। তাতেই সফল হয়েছি। উইকেট যেরকমই হোক, বোলাররা যদি দায়িত্ব নিয়ে ভালো জায়গায় বল করে তাহলে ব্যাটসম্যানদের জন্য খেলা অনেক কঠিন হয়ে যায়।’
এর আগে গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের মূলনায়ক ছিলেন মিরাজই। সেবার দুই টেস্ট মিলিয়ে পেয়েছিলেন ১৯ উইকেট। এবারও তার কাছে এমন কিছু প্রত্যাশা সবার। তবে ষোলোআনা পোষাতে না পারলেও প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছেন এ স্পিনার।





