বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২০১৭-১৮ অর্থ বছরে ৪০৬ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনে সিটি মেয়র আহসান হাবিব কামাল এই বাজেট ঘোষণা করেন। যা গেল বছরের তুলনায় ৩৭ কোটি ৬৪ লাখ টাকা কম।
বাজেট ঘোষণায় সিটি মেয়র বলেন, ‘এখানে তেমন শিল্পায়ন না হওয়ায় রাজস্ব আয় বাড়ানো কষ্টসাধ্য। যার কারণে কর্পোরেশনের রাজস্ব আয় বাড়েনি। আর হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য খাতে কর বাড়িয়ে ভারসাম্য আনা সম্ভব না। তাই এবারের বাজেটে নতুন করে করারোপ করা হয়নি।’
এসময় মেয়র বলেন, ‘নগরীর যেসব রাস্তাঘাটে খানা-খন্দের সৃষ্টি হয়েছে তা বর্ষা মৌসুম শেষে চলাচলের উপযুক্ত করা হবে। বিদ্যুৎ সংযোগের অভাবে সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি চালু করা সম্ভব হচ্ছে না। এ দুটি প্লান্ট চালু করা হলে চাহিদা ছাপিয়ে ৯০ লাখ লিটার বিশুদ্ধ পানি উদ্বৃত্ত থাকবে। এছাড়াও নগরীতে নিরাপত্তার জন্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নগরীর নব্যতা হারানো ৪৬টি খালের মধ্যে ২৩টি খাল উদ্ধার করা গেছে।’
বাজেট ঘোষণার সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কে এম শহীদউল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানসহ কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





