বরিশাল নগরীর এক গৃহবধূর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি, তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে স্ত্রী ও শ্বশুরসহ এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওই গৃহবধূ রোববার সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলা আমলে নিয়ে বরিশাল পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।
মামলায় বিবাদীরা হলেন, আলোকান্দা ১৩নং ওয়ার্ডের মৃত খালেক হাওলাদারের ছেলে পুলিশ কনস্টেবল (কং নং ৩৭৪, বর্তমানে ভোলা জেলায় কর্মরত) মানিক হাওলাদার, তার স্ত্রী রুমি বেগম ও শ্বশুর হরিনাফুলিয়া ২৬নং ওয়ার্ডের মৃত হাকিম সরদারের ছেলে আবু সরদার।
আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী বরিশাল নগরীর চাঁদমারি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি তার মৃত মায়ের রূপাতলী মৌজার ৬৭ দশমিক ৬৮ শতাংশ জমির ওয়ারিশ (নানা বাড়ির সম্পত্তি) সূত্রে মালিক হন।
মামলার বিবাদীরা ওই গৃহবধূর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ওই টাকা না দেওয়ার কারণে গত দুবছর যাবৎ ওই জমির কাছে যেতে পারছিলেন না বাদী। বিভিন্ন সময় জমিতে যেতে বাধা প্রদান করেছেন। এমনকি চাঁদা না দিলে আসামিরা বাদীকে হত্যা করবেন বলেও হুমকি দেন।
এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট বৃহস্পতিবার সকালে বাদী শ্রমিক নিয়ে ওই জমিতে কাজ করতে গেলে পুলিশ কনস্টেবল মানিক, তার স্ত্রী রুমী বেগম ও শ্বশুর আবু সরদারসহ ১০/১২ জন সন্ত্রাসী জমির মালিক ওই গৃহবধূকে মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়।