জাতীয় সংসদে পাসের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ আইনের (বাংলা) খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
রোববার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইনের খসড়া, যেটা ১৯৭৬ সালের অর্ডিন্যান্স। সেটি বাংলায় করে এর খসড়া কমিশন সভায় উপস্থাপন করা হয়েছিল। এটি সব নির্বাচন কমিশনার দেখবেন এবং একজন আইন বিশেষজ্ঞকে দেখিয়ে আইন আকারে জাতীয় সংসদে পাস করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
এটি কবে নাগাদ পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, কমিশনের নির্দেশনা অনুযায়ী খসড়াটি আগামী দুই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
খসড়ায় নতুন কি কি বিষয়ে যোগ করা হয়েছে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, নতুন তেমন কোনো বিষয় নেই। এটি বাংলায় করা হবে। আর সংসদীয় যে আসন সেটি ভোটার সংখ্যা, জনসংখ্যা, আয়তন এবং প্রশাসনিক সীমানা এই চারটি জিনিসের উপর ভিত্তি করে সীমানা পুনর্নির্ধারণ করার বিষয়টি খসড়ায় রাখা হয়েছে। গ্রামীণ জনগণের সুবিধার জন্য গ্রামের আসন বাড়িয়ে শহরাঞ্চলের আসন কমানোর চিন্তা করছে কমিশন।
এছাড়া বৈঠকে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন বন্যার্তদের সহায়তার হন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এই ইসি কর্মকর্তা।





