মিরপুর টেস্টের শুরুটা কী ভয়াবহই না ছিল! দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। সাকিব-তামিমের ব্যাটে সেই দুঃস্বপ্ন কাটিয়ে ওঠে টাইগাররা।

চা বিরতির পর ফের ধস নামে বাংলাদেশের ইনিংসে। অজি বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ২৬০ রানে গুটিয়ে গেলেও স্বস্তি নিয়েই দিন শেষ করেছে টাইগাররা। টেস্টের প্রথম দিন শেষে ৭ উইকেট হাতে রেখে মুশফিকদের চেয়ে এখনো ২৪২ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ১০ রানে প্রথম ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শেষের ৪ উইকেটের পতন ঘটে ২০ রানের ব্যবধানে। মাঝপথে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন সাকিব ও তামিম। এই দুজনের দৃঢ়তায় গুটিয়ে যাওয়ার আগে ২৬০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে অস্ট্রেলিয়া।

ডেভিড ওয়ার্নার আউট হন ৮ রান করে। উসমান খাজা ১ রান করলেও রানের খাতাই খুলতে পারেননি নাথান লায়ন। দিন শেষে স্টিভেন স্মিথ ৩ ও ম্যাট রেশন ৬ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এই দুজনের স্পিনে দিনের শেষ বেলায় ভ্যাবাচেকা খায় অস্ট্রেলিয়া। আগামীকালও যে বাংলাদেশের স্পিনাররা দাপট দেখাবেন সেটিরই যেন আভাস মিলল রোববার।