অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। তবে দিনের শুরুটা মোটেই সুখকর হয়নি টাইগারদের। ইনিংসের দ্বিতীয় ওভারে প্যাট কামিন্স এর বলে হ্যান্ডসকম্ব এর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন সৌম্য সরকার। সৌম্য করেন ৮ রান।
সৌম্যর দেখানো পথেই হাটেন ইমরুল কায়েস, সাব্বির রহমান। দু’জনের কেউই রানের খাতা খুলেন নি।
তার পরই ক্রিজে আসেন সাকিব আল হাসান। সাকিবের সাথে দারুন এক জুটি গড়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান তামিম ইকবাল। মধ্যাহ্ন ভোজে যাওয়ার আগে স্কোরবোর্ডে ৯৬ রান তুলেন দেশ সেরা এই দুই ব্যাটসম্যান।
মধ্যাহ্ন ভোজ থেকে ফিরে দারুন ব্যাটিং করছিলেন দু’জন। তুলে নিয়েছিলেন ফিফটি, গড়েছিলেন ১৫৫ রানের জুটি। কিন্তু হঠাৎ ই ছন্দপতন ঘটে। আউট হয়ে যান তামিম। ম্যাক্সওয়েল এর বলে আউট হওয়ার আগে করেন ৭১ রান। তামিমের বিদায়ের পরে ফিরে যান সাকিব ও। তিনি করেন ৮৪ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৯০ রান। ব্যাটিং করছেন মুশফিক ১২ রান ও নাসির ০ রান নিয়ে।





