শচীন টেন্ডুলকার ২০০তম টেস্টটা খেলে তবেই অবসর নিয়েছেন। টেন্ডুলকার ছাড়াও ১৫০-এর বেশি টেস্ট খেলেছেন ছয়জন, ১০০ টেস্টের মাইলফলক ছুঁয়েছেন বা পেরিয়েছেন ৬৬ জন। সেই জায়গায় ৫০ টেস্ট খেলা এমন কী আর অর্জন!
সাকিব কিংবা তামিমের মধ্যেও হয়তো এ কারণেই বাড়তি কোনো রোমাঞ্চ নেই। দুজনেই আজ ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নামছেন। অথচ দুজনেরই দাবি, এটা তাঁদের কাছে অন্য টেস্টগুলোর মতোই!
সব মিলিয়ে আসলেই হয়তো বড় অর্জন নয়। তবে বাংলাদেশের মতো দেশের হয়ে এটা একেবারে ছোট কিছুও তো নয়। বছরে কটাই বা টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ! টেস্ট ক্রিকেটের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক, অথচ মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টটি বাংলাদেশের মাত্র ১০১তম। সাকিব-তামিমের আগে ৫০ বা এর বেশি টেস্ট খেলেছেন বাংলাদেশের মাত্র তিনজন-মোহাম্মদ আশরাফুল (৬১), মুশফিকুর রহিম (৫৪) ও হাবিবুল বাশার (৫০)।
দুই সতীর্থের এমন অসাধারণ কীর্তিতে তাদের ঢাকা টেস্ট জয় উপহার দিতে চান বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি
সাকিব-তামিমের রেকর্ডের কথা খেলোয়াড়দের মাথায় আছে জানিয়ে মুশফিক বলেন, ‘সাকিব-তামিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের দুই উজ্জ্বল তারকা। আমাদের বড় নির্ভরতাও। তারা ৫০তম টেস্ট খেলছে, গোটা দলের সেই ব্যাপারটা মাথায় আছে।’
এসময় ভালো কিছু করে দুই সতীর্থকে উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। জয়ের চিন্তা মাথায় ঢুকানো মুশফিক যে ‘ভালো কিছু’ বলতে জয়কেই বোঝাচ্ছেন, এটি সহজেই অনুমেয়। মুশফিক বলেন, ‘আমরা চাই, এই ম্যাচে ভালো কিছু করে সাকিব-তামিমকে উপহার দিতে। পুরো দল ভালো খেলে সাফল্য পেলে সাকিব-তামিমের জন্য ভালো গিফট হবে। আমার বিশ্বাস, সাকিব-তামিমও এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে নিজেদের উজাড় করে দেবে।’





