ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন অনেক আগেই শেষ হয়। জাতীয় দলে 'ব্রাত্য' হওয়ার পরও গত তিন বছর ধরে ইংলিশ কাউন্টিতে খেলে আসছিলেন কেভিন পিটারসেন। তবে এবার আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডকে বিদায় জানালেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। ইংল্যান্ডে নিজের শেষ ইনিংস খেলে ফেলেছেন বলে জানিয়েছেন কেপি।
চলতি মৌসুমে সারে'তে যোগ দিলেও ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি পিটারসেন। ২১ জুলাই মিডলস্যাক্সের বিপক্ষে খেলার পর থেকেই স্কোয়াডের বাইরে ছিলেন তিনি। শুক্রবার কোয়ার্টার ফাইনালে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে হেরে যায় সারে। আর এতে করে ইংল্যান্ডে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটল পিটারসেনের।
শুক্রবার সারে'র পরাজয়ের পর ইংল্যান্ডে নিজের ক্যারিয়ারের ইতি টেনে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করে পিটারসেন বরেন, 'গত রাতে (শুক্রবার) সারে'র পরাজয় মাঠে ইংল্যান্ডে আমার ক্যারিয়ারের ইতি ঘটল। কী দুর্দান্ত এক জার্নি ছিল! নটিংহ্যামশায়ার, হ্যাম্পশায়ার, সারে, ইসিবি (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) এবং সমর্থকদের ধন্যবাদ।'





