সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক প্রধান বিচারপতি এস কে সিনহাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। তুমি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকার কর না, এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই।’

শনিবার (২৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা পরিষদ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার লেখা কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

বিচারপতি শামসুদ্দিন বলেন, ‘উনি মাত্র ২৪ দিন সময়ের মধ্যে ৪০০ পৃষ্ঠার কথা লিখেছেন, এটা ইমপসিবল, এটা হতে পারে না। এটা তার লেখা রায় মোটেও নয়।’

তিনি বলেন, ‘তার লেখা রায় পড়লে আপনারা দেখতে পাবেন, অনেক শব্দ আছে যেসব শব্দ তার লেখা আগের কোনো রায়ে নেই। অর্থাৎ এটা পরিষ্কার, এই রায় তার লেখা নয়। অন্য কেউ লিখে দিয়েছেন, সম্ভবত পাকিস্তানি কোনো আইএসআই লিখে দিয়েছে।’

বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিতে সংবিধানে আনা ষোড়শ সংশোধনী বাতিল করে গত ৩ জুলাই আপিল বিভাগ চূড়ান্ত রায় দেন। এরপর ১ অাগস্ট পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। ৭৯৯ পৃষ্ঠার ওই রায়ের বেশিরভাগ অংশজুড়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ রয়েছে; যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা।

ওই রায়ের পর্যবেক্ষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করা হয়েছে অভিযোগ তুলে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা। গত বছর অবসর নেয়ার সময় প্রধান বিচারপতির সঙ্গে কোন্দলে জড়িয়ে পড়া বিচারপতি শামসুদ্দিনও ক্ষমতাসীনদের ওই দাবিতে সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী মামলার সঙ্গে সম্পৃক্ত না এমন অনেক কথা তিনি অভজারভেশনে বলেছেন। প্রধান বিচারপতির কাজ রাজনীতি করা না। যে প্রধান বিচারপতি রাজনীতি করে, সেটা তার অযোগ্যতা। এসব করে তিনি অনেকভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন। তার আর এই পথে থাকার কোনো অধিকার নেই। তাকে অবশ্যই এই পদ ছেড়ে চলে যেতে হবে।’