মিয়ানমারের সীমান্ত বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে, নিরাপদ আশ্রয়ের খুঁজে বাংলাদেশে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. মুসা (২২)।

শনিবার (২৬ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) শিলব্রত বড়ুয়া জানান, ‘গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাখাইন ক্যাম্পে হামলার সময় মুসা গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করে। আজ সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

উল্লেখ, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মায়ানমারের রাখাইন রাজ্যে সীমান্ত পুলিশের ২৪টির বেশি চৌকিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৮৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন মায়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য ও ৭৭ জন রোহিঙ্গা বিদ্রোহী রয়েছেন।