সাকিব আল হাসানের সহজ-সরল এবং স্বতঃস্ফূর্ত একটি মন্তব্যে ভারতীয় মিডিয়ার একটি অংশের গা-জ্বলে ওঠেছে। তার সম্পর্কে মারাত্মক বিষোদগাদ করে একটি মিডিয়া।
‘বিস্ফোরক মন্তব্য, ভারতকে চরম অসম্মান বাংলাদেশের সাকিব আল হাসানের’ ওই খবর প্রকাশ করে
এতে বলা হয়, ’উপমহাদেশের ক্রিকেট পাগলামি নতুন কিছু নয়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ-এ ক্রিকেটই ধর্ম, ধর্মই ক্রিকেট। এই নিয়ে কোনও সন্দেহ নেই। ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট হোক বা আইসিসি টুর্নামেন্ট নাওয়া-খাওয়া ভুলে দেশের ক্রিকেট তারকাদের নিয়ে মেতে থাকেন ক্রিকেটপ্রেমীরা।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার পাশাপাশি সম্প্রতি ক্রিকেট-জ্বরে গা ভাসিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। রবিবারেই বাংলাদেশ খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে। তার আগেই বিতর্কিত মন্তব্য বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাংবাদিক সম্মেলনে সাকিব আল হাসান বলে দেন, ‘‘বাংলাদেশে ক্রিকেট যেভাবে ফলো করা হয়, ভারতে মোটেও সেটা করা হয় না। বর্তমানে বাংলাদেশে সবকিছুর ঊর্ধ্বে ক্রিকেট নিয়ে আলোচনা করা হয়। এটা বাংলাদেশের ক্রিকেটারদের কাছে বড় প্রাপ্তি।’’
শুধু এখানেই থেমে থাকেননি সাকিব। তিনি বর্তমান র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতকে নয়, বিশ্বের একনম্বর দল হিসেবে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকেই। ভারতকে পরোক্ষে বিঁধে সাকিবের যুক্তি, ‘‘যেকোনও পরিস্থিতিতে, যেকোনও অবস্থায় অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ। বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার থেকে ভাল দল আর বিশ্বে নেই। তাই এই সিরিজটা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে।’’
আইপিএল-এ নাইট রাইডার্সের জার্সিতে নিয়মিত খেলেন সাকিব। আইপিএল-এ খেলার সূত্রেই ভারতের উন্মত্ত ক্রিকেট দর্শকের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়েছে। তারপরেও প্রশ্ন উঠছে কী করে এরকম মন্তব্য করলেন তিনি?’





