বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে স্বৈরশাসক ও চক্রান্ত চেপে বসেছে- এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম করতে হবে। যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা এই শপথ নিয়েছি।
শনিবার সকালে দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তি উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে সরকার ও ক্ষমতাসীন দলের লোকেরা যে কক্তব্য ও কর্মকাণ্ড করছে তা আইনের শাসন বিরোধী ও আদালত অবমাননার শামিল। দেশের সর্বোচ্চ আদালতের রায় ও পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে এই অনৈতিক ও অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, ষোড়শ সংশোধনী রায় বাতিলের পর ক্ষমতাসীন সরকার প্রধান থেকে শুরু করে নেতারা যে ভাষায় কথা বলছেন সেটা বেআইনি ভাষা। তারা বিচারবিভাগ ও প্রধান বিচারপতিকে যে ভাষায় কটাক্ষ করে কথাবার্তা বলছেন সেটা আইনের শাসনের ভাষা নয়। বরং এটা আদালত অবমাননাকর। এর মাধ্যমে এটাও প্রমাণিত ক্ষমতাসীন আওয়ামী লীগ আইনের শাসনে বিরোধী। মূল উদ্দেশ্য হচ্ছে বিচারবিভাগের স্বাধীনতা নষ্ট করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা।
রাজনৈতিক দলগুলো সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে রাজনীতিক সংকট নিরসনে কোন কাজে আসবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।





